মতলব উত্তরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১২

গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন মাদক ব্যবসায়ী ও ৮ জন মাদকসেবী রয়েছেন। মাদকসেবীদের মধ্যে ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ আগস্ট চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক ব্যবসায়ী হিসেবে ৪ জন এবং মাদক সেবনের সঙ্গে জড়িত ৭ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে ৭ জন মাদকসেবীর বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি ৪জন হলেন মো. সাদ্দাম প্রধানিয়া(২০) আবদুল মান্নান সরকার(২৯), গোলাম রাব্বী(২২), শাহালম(৩০)। অন্যদিকে মাদক সেবনের সঙ্গে জড়িত সাব্বির হোসেন (২১), জিসান (২০), মো. জিসান (১৮), মো. সৈকত দেওয়ান (২৯), রবিউল হাসান (২৭) মো. শফিকুল ইসলাম (৫২), হাবিব (২৬), মো. জামান মাঝি (৩৫) ৮জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকি। মতলব উত্তরকে মাদকমুক্ত রাখতে থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনের সঙ্গে জড়িত কেউই আইনের আওতার বাইরে থাকবে না। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও সম্মিলিতভাবে কাজ করতে হবে। মতলব উত্তরকে মাদকমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রকাশিত :  ‍সোমবার, ১৭ আগস্ট ২০২৬

Views: 3

শেয়ার করুন