মতলব দক্ষিণে অটোরিক্সা ছিনতাই করতে গিয়ে চালককে হত্যা

ইমরান নাজির, মতলব প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণে অটোরিকশা ছিনতাই করতে যাত্রী সেজে চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে অটোরিকশাটি উদ্ধার করলেও পালিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার রাত নয়টার দিকে নারায়ণপুর ইউনিয়নের বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম শাওন সরকার (১৮)। তিনি মতলব পৌরসভার উত্তর নলুয়া এলাকার ইকবাল সরকারের ছেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনজনকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালেহ্ আহাম্মদ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাওন সরকার দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় বুধবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত নয়টার দিকে মাছুয়াখাল বাজার থেকে যাত্রীবেশে দুষ্কৃতকারীরা তার অটোরিকশায় ওঠেন। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নারায়ণপুর পৌরসভার বাগিচাপুর এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা অটোরিকশা থামিয়ে তাকে দেশীয় অস্ত্র ও ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়। পরে পিক-আপে বেঁধে অটোরিকশাটি নিয়ে চলে যাওয়ার সময় শাওনের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, তার মুখমণ্ডল ও মাথায় রক্তাক্ত জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সালেহ্ আহাম্মদ বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। শাওনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে।
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত কিছু আলামত আমরা জব্দ করি। ওই আলামতের সূত্র ধরে আমরা প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে যাদের সম্পৃক্ততা পেয়েছি, এমন তিনজনকে আটক করতে পেরেছি। এছাড়া একটা পিক-আপে বেঁধে অটোরিকশাটি নিয়ে যাচ্ছিল। আমরা সেটাও শনাক্ত করেছি। আমরা অচিরেই তাকেও আটক করতে সক্ষম হবো।
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
Views: 0





















