রাতে অযাচিত ঘোরাফেরার দায়ে ৯ কিশোর আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। শনিবার (১৩ জুন ২০২৬) রাতে অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিক-নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোঃ আইয়ুব খাঁন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক আহাম্মদ, হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মেহের উত্তর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

ওই সময় অভিযানে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করার সময় ৯ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত সবাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী বলে জানায়। তবে গভীর রাতে বাইরে অবস্থানের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি।

পরবর্তীতে আটককৃত কিশোরদের অভিভাবকরা থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে তাদের সন্তানরা যেন রাত বিরাতে অযথা ঘোরাফেরা না করে সে বিষয়ে সতর্ক থাকার আশ্বাস প্রদান করেন। অভিভাবকদের এমন প্রতিশ্রুতিতে আটককৃত ৯ কিশোরকে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, কিশোরদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রবণতা প্রতিরোধে এ ধরনের সচেতনতা মূলক অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত : রোববার, ১৪ জুন ২০২৬ খ্রি

Views: 5

শেয়ার করুন