রান্ধুনীমুড়া উবির সংবর্ধনায় সাংসদ মমিনুল হক

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পক্ষ থেকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. এমরান হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মো. আবুল কালাম আজাদ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের কল্যাণ এবং অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, “শিক্ষাই একটি জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আমি সবসময় পাশে থাকব।”

এ সময় হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তফা মজুমদার সুমন, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান শিক্ষা পরিবেশ, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করা হয়।

নবগঠিত এডহক কমিটির সদস্যরা বিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। পরিশেষে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রকাশিত : রোববার, ২১ জুন ২০২৬ খ্রি

Views: 6

শেয়ার করুন