শাহরাস্তিতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, উভয় পক্ষের আহত ৫

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর মেহার উত্তর ইউনিয়নের দেবীপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আলমগীর হোসেন সুমন (৩৪), শামিম হোসেন (৪১), বেলাল হোসেন (২৬), নাজমুল হুদা (৭০) ও মিনহাজুল হুদা (৩২)। এর মধ্যে এক জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে গেলেও বাকিদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।
অভিযোগকারী পক্ষের রুবেল খন্দকার বলেন, কমিটি নিয়ে মামলা চলমান থাকলেও নাজমুল হুদা নিজেকে সভাপতি দাবি করে জুমার নামাজের পর বক্তব্য দিতে চাইলে মুসল্লিদের কয়েকজন বাঁধা দেয়, এরপর কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ হয়।
অন্যদিকে প্রতিপক্ষ মিনহাজুল হুদা বলেন, ইমাম নিয়োগ ও বক্তব্যকে কেন্দ্র করে বিরোধের পর হাতাহাতি হয়, এতে তিনি ও তাঁর বাবা আহত হন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেছে জানিয়েছেন পুলিশ।
এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম রনি জানান, আমি দীর্ঘদিন যাবত দুর্ঘটনায় আহত হয়ে শয্যাশায়ী। অথচ এই ঘটনাকে কেন্দ্র করে আমাকে নিয়েও মিথ্যা তথ্য প্রচার হচ্ছে। আমি ওই মসজিদের মুসল্লিও না। যারা অহেতুক আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
স্থানীয়রা বিরোধ কৃত বিষয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।
প্রকাশিত : শনিবার, ০৮ আগস্ট ২০২৬
Views: 8

























