হাজীগঞ্জের সাবেক কাউন্সিলর মো. আকবর হোসেনকে একের পর এক হয়রানি অভিযোগ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জে সম্পত্তির মালিকানা নিয়ে সাবেক কাউন্সিলর মো. আকবর হোসেন কন্টাকটারকে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ।
এ ঘটনায় চাঁদপুর আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাবেক কাউন্সিলর। মামলায় লেদা জাকিরসহ চারজনকে আসামি করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট দলিলপত্রের বিবরণ অনুযায়ী, হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের রান্ধুনীমূড়া গ্রামের ছেরাজ উদ্দিন বেপারী বাড়ির মৃত নজির আলীর ছেলে মৃত চান মিয়া ১৯৬৯ সালের ১৯ এপ্রিল ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামের শীল বাড়ির উজ্জ্বল মনি সিংয়ের কাছ থেকে ২৩ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। যার দলিল নং ৩৪৮১।
পরবর্তীতে ১৯৭৬-৭৭ অর্থবছরে সড়ক ও জনপথ বিভাগ চান মিয়ার ক্রয়কৃত সম্পত্তির মধ্য থেকে ২৪২নং রায়চোঁ মৌজার ১৫৫নং সিএস খতিয়ানের সাবেক ২৭১নং দাগের ১৪ শতাংশ জমি অধিগ্রহণ করে নেয়। অধিগ্রহণ সংক্রান্ত কেস নম্বর ১১/৪। অভিযোগে বলা হয়েছে, অধিগ্রহণের বিপরীতে চান মিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্ষতিপূরণের অর্থও উত্তোলন করেন।
পরবর্তীতে ১৯৮৮ সালের জানুয়ারী মাসে কাউন্সিলর মো. আকবর হোসেনের কাছে মৎস্য চাষের উদ্দেশ্যে সড়কের অধিগ্রহণকৃত ১৪ শতাংশ সম্পত্তি দখলীয় সূত্রে দাবি করে চান মিয়া। এ সময় তিনি ৩ হাজার টাকার বিনিময়ে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মাছ চাষের জন্য সম্মতিপত্র প্রদান করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণের পর ১৯৮০ সালের ১১ ডিসেম্বর চান মিয়া একই এলাকার বৈষ্ণব বাড়ির লালমোহন সাহার ছেলে অনুকূল সাহার কাছে ১৫ শতাংশ সম্পত্তি বিক্রি করেন। যার দলিল নং ৯৭১০।
অভিযোগকারীর দাবি, ওই ১৫ শতাংশ সম্পত্তির মধ্যে সড়ক ও জনপথের অধিগ্রহণ করা জমির অংশও অন্তর্ভুক্ত ছিল। পরে ১৯৯১ সালের ৮ জুন অনুকূল সাহা ওই ১৫ শতাংশ সম্পত্তি মো. আকবর হোসেনের কাছে বিক্রি করেন। যার দলিল নং ৩৪৮৬।
অভিযোগকারীর হিসাব অনুযায়ী, ২৩ শতাংশ জমির মধ্যে ১৪ শতাংশ অধিগ্রহণের পর চান মিয়ার মালিকানায় অবশিষ্ট থাকার কথা ৯ শতাংশ। অথচ অধিগ্রহণকৃত জমির অংশসহ ১৫ শতাংশ সম্পত্তি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সাবেক কাউন্সিলর মো. আকবর হোসেনের অভিযোগ, চান মিয়ার ছেলে জাকির হোসেন প্রকাশ লেদা জাকির সম্পত্তির মালিকানা সংক্রান্ত তথ্য গোপন করে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও মামলা দায়ের করে আসছেন। এতে তিনি হয়রানি ও মানসিক চাপের শিকার হচ্ছেন বলে দাবি করেন।
এ ঘটনায় আকবর হোসেন বাদী হয়ে চাঁদপুর আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের করেন। মামলা নম্বর ৮৪৬/২৩। মামলায় লেদা জাকিরকে প্রধান অভিযুক্ত করে মোট চারজনকে আসামি করা হয়েছে।
মামলাটি পিবিআই তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা নির্ধারণ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Views: 8





















