হাজীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. সেলিম মিয়া (৫৬)। তিনি হাজীগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার বাসিন্দা।
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানে বের হন।
বিকেল সাড়ে পাঁচটার দিকে রান্ধুনীমুড়া জিয়ানগর এলাকায় ‘মায়ের দোয়া’ ফার্নিচার দোকানের সামনে সন্দেহভাজন হিসেবে সেলিম মিয়াকে আটক করা হয়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই নুরে আলম বাদী হয়ে সেলিম মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। হাজীগঞ্জ থানায় করা মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় রুজু করা হয়েছে।
মামলাটি তদন্ত করছেন থানার এসআই নূরমোহাম্মদ। গ্রেপ্তার সেলিম মিয়াকে রোববার (২৬ এপ্রিল) পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশিত : রোববার, ২৬ এপ্রিল ২০২৬ খ্রি.
Views: 6





















