হাজীগঞ্জে এই প্রথম যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে একটি অত্যাধুনিক নূরানী ও হিফজ মাদ্রাসা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
পবিত্র কুরআনের শিক্ষা ও আধুনিক সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে কার্যক্রম পরিচালনা করছে হযরত আবু বকর সিদ্দীক (রা.) একাডেমি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক, ধর্মীয় ও একাডেমিক শিক্ষায় সমৃদ্ধ করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে।
হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ ৬ নম্বর ওয়ার্ডের মডেল কলেজ ও বন্ধু টাওয়ার-সংলগ্ন কলেজপাড়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি আধুনিক নূরানী ও হিফজ শিক্ষার একটি সমন্বিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মূল প্রত্যয়‘কুরআনের শিক্ষাই প্রকৃত শিক্ষা’। এটিকে সামনে রেখে শিশু-কিশোরদের কুরআন শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির অন্যতম আকর্ষণ হলো হিফজুল কুরআনের সঙ্গে সাধারণ শিক্ষার সমন্বয়। মেধাবী শিক্ষার্থীদের জন্য ৩০ পারা হিফজ কোর্স এবং তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণি পর্যন্ত ১০ পারা হিফজ কোর্সের ব্যবস্থা রয়েছে। ফলে শিক্ষার্থীদের যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কুরআন মুখস্থ করার সুযোগ তৈরি হয়েছে।
এ ছাড়া আরবি ভাষায় দক্ষতা অর্জনের জন্য নাহু-সরফ ও আরবি সাহিত্য বিষয়ে পাঠদানের ব্যবস্থাও রয়েছে। এর পাশাপাশি বাংলা, গণিত ও ইংরেজিসহ প্রয়োজনীয় সাধারণ শিক্ষার বিষয়গুলো পড়ানোর উদ্যোগ শিক্ষাব্যবস্থাটিকে আরও সমৃদ্ধ করেছে।
আবাসিক ও অনাবাসিক দুই ধরনের ব্যবস্থা
শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে একাডেমিতে আবাসিক ও অনাবাসিক দুই ধরনের শাখা রাখা হয়েছে। আবাসিক শাখায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র এবং অনাবাসিক শাখায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুযোগ রয়েছে।
শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের আরবি ভাষার ব্যবহারিক দক্ষতা ও সুন্দর হাতের লেখার প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুন্দর আরবি হাতের লেখাকে সবার জন্য বাধ্যতামূলক করার কথা জানানো হয়েছে।
ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষার মেলবন্ধন
বর্তমান সময়ে শিক্ষার্থীদের একদিকে যেমন আধুনিক ও প্রতিযোগিতামূলক শিক্ষায় দক্ষ হতে হয়, অন্যদিকে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ হওয়াও গুরুত্বপূর্ণ।
এ দুইয়ের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার যে উদ্যোগ হযরত আবু বকর সিদ্দীক (রা.) একাডেমি নিয়েছে, তা স্থানীয়ভাবে প্রশংসার দাবি রাখে।
বিশেষ করে কুরআন হিফজের পাশাপাশি সাধারণ শিক্ষার সুযোগ থাকায় শিক্ষার্থীরা ধর্মীয় জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ শিক্ষাজীবনের প্রয়োজনীয় ভিত্তিও গড়ে তুলতে পারবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, একাডেমিতে শিক্ষক রয়েছেন ২৪ জন এবং ছাত্র-ছাত্রীর সংখ্যা মোট সাড়ে ৪০০ জন। প্রতিবছর কুরআন হিফজ সম্পন্ন করা ৫ থেকে ৭ জন ছাত্রকে পাগড়ি পরিধান করানো হয়।
প্রতিষ্ঠানটির সার্বিক পরিচালনায় রয়েছেন হাফেজ মো. ছালিম উল্লাহ। এ ব্যাপারে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমাদের শিক্ষকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করার লক্ষ্যে সব সময় আন্তরিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করেন। একই সঙ্গে অভিভাবকদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। ইনশাআল্লাহ, সবার আন্তরিকতার কারণে আজ প্রতিষ্ঠানটি এ পর্যন্ত এসে পৌঁছেছে।”
চট্টগ্রামের হাটহাজারী নূরানী বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। কুরআনের শিক্ষা, নৈতিকতা, আরবি ভাষা এবং সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার এই প্রয়াস হাজীগঞ্জের শিক্ষাঙ্গনে নিঃসন্দেহে একটি ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ।
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Views: 4






















