হাজীগঞ্জে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে ও উপস্থিতি নিশ্চিতকরণে অভিভাবক সমাবেশ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী রামপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় হলরুমে বর্ণাঢ্য আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা প্রদান, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. আবদুল হাই মজুমদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. কবির হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার উল্লাহ পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাস এবং বিদ্যালয়ের অভিভাবক ও এসএমসি সদস্য মো. ছাদেক পাঠান রিপন।
মো. আনোয়ার উল্লাহ পাটোয়ারী বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে বিদ্যালয় ও অভিভাবকের যৌথ ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনেও অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, তাদের পড়াশোনার খোঁজ রাখা এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখলে শিক্ষার মান আরও উন্নত হবে।”
মো. গোলাম মোস্তফা স্বপন বলেন, “রামপুর উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে এ অঞ্চলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য ও অগ্রযাত্রা ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অধ্যাপক মো. আবদুল হাই মজুমদার বলেন, শিক্ষার্থীদের পাঠদানে গুণগত মান বৃদ্ধি, নৈতিক শিক্ষার বিকাশ ও নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
স্বাগত বক্তব্য ও বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির ওপর আলোকপাত করেন প্রধান শিক্ষক মো. কবির হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন, অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক অভিভাবক।
প্রকাশিত : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
Views: 1

























