হাজীগঞ্জে স্ত্রীর তালাকে ও দাম্পত্য কলহের জেরে স্বামীর আত্মহত্যা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহের জেরে স্ত্রীর তালাকের সিদ্ধান্তে মো. শান্ত নামে এক যুবক আত্মহত্যা করে।
শনিবার (২৭ জুন) উপজেলার পশ্চিম হাটিলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের উত্তর পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শান্ত ওই গ্রামের বাসিন্দা মো. আবুল বাসারের ছেলে, এক সন্তানের জনক।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে মতবিরোধ। একপর্যায়ে স্ত্রী তালাকের সিদ্ধান্ত নিলে বিষয়টি নিষ্পত্তির জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক শুরুর আগেই নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্ত। তাদের দাবি, আত্মহত্যার সময় শান্ত তার বুকে স্ত্রীর একটি ছবি ঝুলিয়ে রেখেছিলেন। এ দৃশ্য এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন এবং তালাকের বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
Views: 4

























