হাজীগঞ্জে ৫০ যুবককে মাদকবিরোধী বার্তা দিল ওসি

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নং ইউনিয়ন এর ঐতিহ্যবাহী বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে ৫০ যুবককে একস্থানে জড়ো করে মাদকবিরোধী পরামর্শ দেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান।

যুবকদের উদ্দেশ্যে (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, তোমরা আমাদের সন্তান, তোমরা মহল্লাভিত্তিক মাদকবিরোধী সভা-সমাবেশ করবে, আমরা তোমাদের পাশে থাকবো। রাত ৮ টার পর কোনো শিক্ষার্থী যেন বাজারে না থাকে। এর পরে আমরা কাউকে পেলে আর ছাড় দেবো না। সন্ধ্যার পর সবাই পড়ার টেবিলে বসতে হবে। রাতে রাস্তাঘাটে আড্ডা দেওয়া যাবে না। দোকানপাটে ক্যারাম বোর্ড খেলা থেকে বিরত রাখতে হবে।

মাদকবিরোধী পরামর্শ কালে ২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন বলেন, যুবকদেরকে সমাজের অবক্ষয় কাজ থেকে বিরত রাখতে হলে মোবাইল ফোন দেওয়া থেকে বিরত রাখতে হবে। খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে। প্রয়োজনীয় কাজবিহীন বাজারে অবস্থান করা যাবে না। স্কুল কলেজ মাদ্রাসা চলাকালীন আশপাশ দিয়ে কোন বখাটে হাঁটাচলা করলে আইনের কাছে সোপর্দ করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা, উপ-পরিদর্শক জয়নাল আবেদীন, মো. সায়েম, মো. মুরাদ, সাঈখ বিন নুরুল ইসলাম, সৌরভ হাদী, সহকারী উপ- পরিদর্শক মাজেদ, হাবিবুর রহমান, মনির হোসেন মুন্না, কার্তিকসহ সঙ্গীয় ফোর্স, যুবনেতা সাদ্দাম হোসেন রাজু, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, গ্রাম পুলিশ হুমায়ুন কবির প্রমুখ।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ আব্দুল মান্নান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাকিলাসহ উপজেলার বিভিন্নস্থানে অভিযান অব্যাহত থাকবে। ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। মাদক ও সমাজের অবক্ষয় থেকে নিজকে দূরে রাখতে হবে। লেখাপড়া করে মানুষের মত মানুষ হয়ে দেশ গড়ার কাজে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে।

প্রকাশিত : সোমবার, ১৫ জুন ২০২৬ খ্রি

Views: 6

শেয়ার করুন