হাজীগঞ্জ উপজেলার ১৩ মাদরাসায় নেই কোনো জিপিএ-৫

মোহাম্মদ সাইফুল ইসলাম:
২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে হাজীগঞ্জ উপজেলার ২৩টি মাদরাসার মধ্যে ১৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

জিপিএ-৫ না পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রামচন্দ্রপুর ফাজিল মাদরাসা, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসা, নওহাটা ফাজিল মাদরাসা, কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদরাসা, দেশগাঁও দারুল ইসলাম দাখিল মাদরাসা, রাজাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসা, মাদরাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়া, ডাটরাশিবপুর আজিজিয়া দাখিল মাদরাসা, উচ্চগাঁও ইসলামিয়া দাখিল মাদরাসা, রাজাপুর ছিদ্দিকিয়া দাখিল মাদরাসা, হাজেরা আলী ক্যাডেট দাখিল মাদরাসা এবং আলী আহমেদ ইসলামিক একাডেমিক দাখিল মাদরাসা।

ফলাফল অনুযায়ী, রামচন্দ্রপুর ফাজিল মাদরাসায় ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৮.৫৭ শতাংশ হলেও কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসায় ৮৩ জনের মধ্যে ৩০ জন পাস করেছে, পাশের হার ৩৬.১৫ শতাংশ। নওহাটা ফাজিল মাদরাসায় ৮২ জনের মধ্যে ৩৬ জন পাস করেছে, পাশের হার ৪৩.৯০ শতাংশ।

এ ছাড়া কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদরাসায় পাশের হার ৫৭.৪৫ শতাংশ, দেশগাঁও দারুল ইসলাম দাখিল মাদরাসায় ৬০ শতাংশ, রাজাপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় ৮৫.৭১ শতাংশ এবং মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসায় ৭৮.১৮ শতাংশ।

অন্যদিকে মাদরাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়া-তে পাশের হার ৬২.৫০ শতাংশ, ডাটরাশিবপুর আজিজিয়া দাখিল মাদরাসায় ৮৭.৫০ শতাংশ, উচ্চগাঁও ইসলামিয়া দাখিল মাদরাসায় ৬৮.১৮ শতাংশ এবং রাজাপুর ছিদ্দিকিয়া দাখিল মাদরাসায় ৩৫.৭১ শতাংশ।

জিপিএ-৫ না পেলেও হাজেরা আলী ক্যাডেট দাখিল মাদরাসা ও আলী আহমেদ ইসলামিক একাডেমিক দাখিল মাদরাসার পাশের হার ছিল যথাক্রমে ৯৭.৬৭ শতাংশ ও ৯৫ শতাংশের কাছাকাছি। অর্থাৎ জিপিএ-৫ না থাকলেও এসব প্রতিষ্ঠানে সামগ্রিক পাসের হার ছিল উল্লেখযোগ্য।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, হাজীগঞ্জ উপজেলার ২৩টি প্রতিষ্ঠানে মোট ১ হাজার ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫৭ জন উত্তীর্ণ হয়েছে। উপজেলায় মোট ৩৪ জন জিপিএ-৫ পেয়েছে এবং সামগ্রিক পাশের হার ৬৫.৭৭ শতাংশ।

উল্লেখ্য, প্রতিবেদনে প্রতিষ্ঠানগুলোর নাম ও ফলাফলের তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত তালিকা অনুযায়ী দেওয়া হয়েছে।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

Views: 7

শেয়ার করুন