মতলব উত্তরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

জানা যায়, গত ২১ অক্টোবর দুপুরে একটি অর্গানিক ল্যাবরেটরির এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) মোটরসাইকেলযোগে বেড়িবাঁধ সড়ক দিয়ে মতলবের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ও একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

এক পথচারী মুঠোফোনে বিষয়টি সাংবাদিকদের জানান। পরে স্থানীয়রা তাকে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ তাকে মৃত ঘোষণা করেন।

প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে লাশের ছবি ফেসবুকে প্রচার হলে তার পরিচয় মেলে। নিহত ব্যক্তি মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় প্রধানিয়া বাড়ির মৃত এলাহী বক্সের ছেলে মো. আক্তারুজ্জামান খোকন (৫০)। তার মায়ের নাম জরিনা বেগম। নিহতের পরিবারে স্ত্রী, মা, দুই ভাই, দুই বোন ও অষ্টম শ্রেণিতে পড়ুয়া খাদিজা নামে এক কন্যা সন্তান রয়েছে।

খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই ময়নাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে জরুরি বিভাগের ডা. আরিফ নিহতের লাশ মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

নিহতের ভাই আবুল ও ফুফাতো ভাই মোসলেম উদ্দিন জানান, তারা মামলা করতে ইচ্ছুক নন। এ জন্য বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য তারা থানায় লিখিত আবেদন করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া বলেন, “নিহতের পরিবার মামলা করলে লাশের ময়নাতদন্ত করা হবে। মামলা হলে সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবার পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ পেতে পারে।”

 

প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 6

শেয়ার করুন