রাতে সৃজনকৃত বাগানের বেড়ায় আগুন, সকালে আদালতের নোটিশ

ফরিদগঞ্জ প্রতিনিধি:
রাতের বেলা সৃজনকৃত বাগানের চারপাশে দেয়া বেড়ায় আগুন দেয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সকালে আদালত থেকে ওই সম্পত্তির উপর আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারির নোটিশ গিয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জে পৌর এলাকার কেরোয়া গ্রামে সোমবার (১৬ নভেম্বর) এই ঘটনা ঘটে। অগ্নীকাণ্ডের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে।
জানা গেছে, পৌর এলাকার ২নং ওয়ার্ডের কেরোয়া গ্রামের শহীদ কোম্পানী বাড়ির প্রবাসী সহোদর রুবেল ও হুমায়ুন তার চাচার কাছ থেকে সম্পত্তি ক্রয় করে দখল বুঝে নিয়ে সেখানে বাগান সৃজন করে বিভিন্ন প্রজাতির ফলাদি গাছ রোপন করে। কিন্তু তাদের আরেক চাচা তাফাজ্জল হোসেন ওই সম্পত্তিতে তার অংশ রয়েছে দাবী করে ইতিপূর্বে বাধা প্রদান করারসহ তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়।
প্রবাসী সহোদরদের মা নাছরিন বেগম জানান, রোববার দিনগত রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে আগুন দেখে সামনে গিয়ে দেখেন তাদের বাগানের বেড়াগুলো আগুণে জ্বলছে এবং তাকে দেখে তাফাজ্জল ও তার ছেলেরাসহ কয়েকজন পালিয়ে যায়। এসময় তার ডাকচিৎকারে প্রবাস থেকে আসা ছেলে হুমায়ুন ও রুবেলসহ অন্যরা ঘর থেকে এসে আগুন নেভায়। আগুনে সৃজনকৃত বাগানের প্রায় পুরো বেড়া পুড়ে গেছে এবর্ং বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকালে ওই সম্পত্তির উপর তাফাজ্জল হোসেন কর্তৃক আদালতে দায়েরকৃত মামলার ভিত্তিতে ১৪৫ ধারা জারির নেটিশ থানা পুলিশ পৌছে দিয়েছে।
প্রবাসী রুবেল ও হুমায়ুন বলেন, এটি একটি পরিকল্পিত অগ্নীকাণ্ডের ঘটনা। আমার চাচা একদিকে আমাদের নামে আদালতে মামলা দায়ের করে অন্যদিকে আমাদের সম্পত্তির উপর সৃজনকৃত বাগানের বেড়াতে রাতের বেলা আগুন দিয়েছে। এটি আমাদের সম্পত্তি জোরর্পূবক দখলের ষড়যন্ত্র। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমাদের মা আমাদের পক্ষে সোমবার বিকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদগঞ্জ থানার এএসআই শাখাওয়াত হোসেন জানান, তিনি অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সাথে তিনিই ১৪৫ ধারা জারির নোটিশ জারির কথাও স্বীকার করেছেন।
আগুন লাগার বিষয়ে তাফাজ্জল হোসেনকে তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তার মুঠোফোনে কল রিসিভ করেননি।
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 19






















