ফরিদগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে অফিস সহকারী কমল পালের ‘খুঁটির জোর’ কোথায়? এক পদে এক যুগ!

ফরিদগঞ্জ  প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে অফিস সহকারী কমল পালের কর্মস্থলে দীর্ঘদিন অবস্থান নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। একই পদে প্রায় এক যুগ ধরে কর্মরত রয়েছেন তিনি। তাঁর দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

জানা গেছে, ২০১৩ সালে কর্মজীবন শুরু করেন কমল পাল। প্রথমে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছয় মাস এবং পরবর্তী সময়ে চাঁদপুরের হাইমচর উপজেলায় চার মাস কর্মরত ছিলেন। এরপর থেকেই তিনি ফরিদগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কর্মরত রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের প্রভাবেই দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে বহাল রয়েছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে সরেজমিনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে আরও একটি চিত্র দেখা যায়। ডিডিপি-২ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও দপ্তরে কর্মরত রয়েছেন চালক সবুজ। অভিযোগ রয়েছে, তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন প্রাণীর চিকিৎসা করছেন এবং চিকিৎসাসেবার বিনিময়ে নগদ অর্থ নিচ্ছেন।

এ বিষয়ে চালক সবুজ বলেন, “স্যারের নির্দেশেই মাঝেমধ্যে কিছু প্রাণীর চিকিৎসা দিয়ে থাকি।”

চিকিৎসা নিতে আসা সিয়াম জানান, তিনি চিকিৎসক মনে করেই সবুজের কাছ থেকে তাঁর প্রাণীর চিকিৎসা নিয়েছেন।

নিজের দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার বিষয়ে অফিস সহকারী কমল পাল বলেন, “আমি এই উপজেলার বাসিন্দা এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। তাই আমাকে বদলি করা হচ্ছে না।”

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোহর শর্মা বলেন, “প্রাণিসম্পদ দপ্তরে জনবলের অনেক সংকট রয়েছে। এটিও এর একটি কারণ হতে পারে।”

চালক সবুজকে দিয়ে প্রাণীর চিকিৎসা করানোর বিষয়ে তিনি বলেন, “জনবল সংকটের কারণে চালক সবুজকে দিয়ে মাঝেমধ্যে কিছু কাজ করানো হচ্ছে।”

একদিকে একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে একজন কর্মচারীর অবস্থান, অন্যদিকে চালকের মাধ্যমে প্রাণীর চিকিৎসাসেবা প্রদানের অভিযোগ—সব মিলিয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়গুলো যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 6

শেয়ার করুন