মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি

গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ করা ১০টি নৌকার মধ্যে ৯টি উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছে। এসব নৌকা বিক্রি করে ভ্যাট ও আয়করসহ সরকারি কোষাগারে মোট ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা রাজস্ব আদায় হয়েছে। আদালতে মামলা চলমান থাকায় অপর একটি নৌকা নিলামে তোলা হয়নি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার মেঘনা নদীর তীরে মোহনপুর এলাকায় এ উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৯টি নৌকার বিক্রয়মূল্য নির্ধারিত হয় ৮৬ হাজার ৬০০ টাকা। এর সঙ্গে ভ্যাট ও আয়কর যুক্ত হয়ে মোট আদায় হয় ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযানে উপজেলা টাস্কফোর্স বিভিন্ন অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় নৌকা, জাল ও মাছ জব্দ করা হয়। অভিযানে জব্দ হওয়া ১০টি নৌকার মধ্যে ৯টি নিলামের জন্য উপস্থাপন করা হয়। বাকি একটি নৌকার বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের সিদ্ধান্তের পর সেটির বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার গঠিত নিলাম কমিটির মাধ্যমে সরকারি বিধি অনুসরণ করে উন্মুক্ত নিলাম সম্পন্ন হয়েছে। নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা হবে। এর সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট ও আয়করও যুক্ত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহম্মেদ বলেন, অভিযানে জব্দ করা ১০টি নৌকার মধ্যে ৯টি নিলামের জন্য উপস্থাপন করা হয়। একটি নৌকা আদালতের জিম্মায় থাকায় সেটির বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাকি ৯টি নৌকার নিলাম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এতে মৎস্যজীবীরা নৌকা কেনার আগ্রহ প্রকাশ করেছেন এবং সরকার রাজস্ব পেয়েছে।

নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহম্মেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন, মোহনপুর কোস্টগার্ড আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মামুনুর রশিদ মাসুমসহ কোস্টগার্ড সদস্যরা। এ সময় স্থানীয় জেলে ও সাধারণ জনগণও উপস্থিত ছিলেন।

প্রকাশিত:  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 2

শেয়ার করুন