মতলবে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, তদন্তে ট্যাগ অফিসারই সদস্য-সচিব!

সফিকুল ইসলাম রানা : ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল ও মে মাসে জাটকা আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের জন্য বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ চাল বিতরণে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে। প্রতি জেলেকে ৮০ কেজি করে চাল দেয়ার সরকারি নির্দেশনা থাকলেও অনেকেই পেয়েছেন মাত্র ৬৫ থেকে ৭০ কেজি করে।
জানা যায়, এ ইউনিয়নের ৪৬০ জন নিবন্ধিত জেলের জন্য বরাদ্দকৃত চাল গত ২৫ জুন ২০২৫ তারিখে বিতরণ করা হয়। কিন্তু বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন উপকারভোগীরা। অভিযুক্তদের তালিকায় উঠে এসেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখোয়াত হোসেন সরকার মুকুল ও তার অনুসারীদের নাম।
বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ২৬ জুন ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির স্বাক্ষরে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির সদস্যরা হলেন—সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস (আহ্বায়ক), সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা (সদস্য) এবং ইসলামাবাদ ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ (সদস্য-সচিব)। তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে মতামতসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
তবে এই তদন্ত কমিটিতে ট্যাগ অফিসারকে সদস্য-সচিব করার সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিতরণ কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট থাকার পরও তাঁকে তদন্তে যুক্ত করায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, বিতরণের দিন তারিক মাহমুদ কিছু সময় উপস্থিত থাকলেও পরে চলে যান। ফলে তিনি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না বলে মনে করছেন অনেকে।
স্থানীয় একাধিক জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, আমাদের কার্ডে ৮০ কেজি চাল লেখা থাকলেও অনেকেই ৬৫ বা ৭০ কেজির বেশি চাল পাননি। ইউপি চেয়ারম্যানের লোকজন চাল কম দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সাখোয়াত হোসেন সরকার মুকুলের মোবাইলে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি আমি নিজে তদারকি করছি। এখানে ট্যাগ অফিসার ছাড়াও মৎস্য কর্মকর্তা ও এসিল্যান্ড কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন, আশা করছি সচ্ছতার ভিত্তিতে সঠিক তদন্ত করা হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে তাকিয়ে আছে পুরো উপজেলা। অনিয়মের সত্যতা প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষায় ভুক্তভোগীরা।
বুধ বার, ০২ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 0

















