মেঘনায় বিশেষ কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দী জাল ধ্বংস

সফিকুল ইসলাম রানা : মেঘনা নদীতে অবৈধ জাল ও মাছের পোনা নিধন বন্ধে বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে মতলব উত্তর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) সকাল থেকে মেঘনা নদীর দশানী, বাহাদুরপুর, সটাকী ও ষাটনল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি পাঙ্গাসের পোনা ধরার চাঁই, ৫টি বেহুন্দী জাল এবং ৫০টি অবৈধ চায়না দুয়ারি চাঁই জব্দ করা হয়। পরে জব্দকৃত সকল অবৈধ জাল ও চাঁই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম সানোয়ার’সহ কোস্টগার্ডের একটি টিম।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, মেঘনা নদী ও এর শাখা নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছের পোনা নিধন করলে ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সরকার ঘোষিত জাটকা ও পোনা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে আমরা নিয়মিত কম্বিং অপারেশন পরিচালনা করছি। নদীর জীববৈচিত্র্য রক্ষা ও জেলেদের দীর্ঘমেয়াদি স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অবৈধ জাল ব্যবহার ও পোনা নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জেলেদের বৈধ জাল ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।
শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
Views: 0





















