রূপসায় মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পরীক্ষা বৃহস্পতিবার

মোঃ আনিছুর রহমান সুজনঃফরিদগঞ্জের রূপসা জনপদে শিক্ষার আলো আরও ছড়িয়ে দিতে এবং মেধাবী শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে প্রথমবারের মতো শুরু হচ্ছে মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) রূপসা আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষাকে ঘিরে এলাকায় শিক্ষার্থীদের মাঝে ইতিমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। রূপসা ও আশপাশের এলাকার ৪র্থ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে সদ্য প্রতিষ্ঠিত মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশন।

রূপসার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মেহেদী হাছান চৌধুরী জানান, শিক্ষার প্রসার, দরিদ্র–মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এই বৃত্তি চালুর মূল লক্ষ্য। তিনি বলেন, “আমাদের বংশের পূর্বপুরুষ মোহাম্মদ গাজী চৌধুরীর মতো মানবিকতা, দানশীলতা ও সমাজকল্যাণের আদর্শকে ধারণ করেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”

উল্লেখ্য, রূপসার ইতিহাসে উজ্জ্বল নাম মোহাম্মদ গাজী চৌধুরী ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। ১৮৩০ সালে জন্মগ্রহণ করা এই জমিদার পিতা আহমদ রাজা চৌধুরীর রূপসায় আগমনের পর জমিদারী পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। সুদূরপ্রসারী দৃষ্টি, দক্ষতা ও মানবিকতার মাধ্যমে তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও রূপসা অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-সেতু, হাট-বাজার নির্মাণসহ অসংখ্য জনকল্যাণমূলক কাজ করেন। সমাজের অসহায় মানুষের উন্নয়নে ৩৪৪৯ একর সম্পত্তি ওয়াক্ফ করে দিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর মৃত্যু হয় ১৮৯৪ সালে। রূপসা জমিদার বাড়ির মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে তিনি সমাহিত হন। দীর্ঘ এক শতাব্দী পরেও তাঁর মানবিকতার আলো রূপসার মানুষের হৃদয়ে সমানভাবে উজ্জ্বল।

এই মহান ব্যক্তিত্বের স্মৃতিকে ধরে রাখতে প্রতিষ্ঠিত হয়েছে মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশন।
যার প্রধান লক্ষ্য—শিক্ষা বিস্তার, অসহায় মানুষের সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কার, চিকিৎসাসেবা, গৃহনির্মাণে সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ সার্বিক মানবকল্যাণ।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দুটি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে—ট্যালেন্টফুল ও সাধারণ। পরীক্ষার বিষয় নির্ধারণ করা হয়েছে সম্পূর্ণ শ্রেণি-উপযোগীভাবে। প্রশ্নপত্রে থাকবে—বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান এবং বিশেষভাবে রূপসার জমিদার পরিবার সম্পর্কিত প্রশ্ন। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা, সময়সীমা ৩ ঘণ্টা, আর পূর্ণমান ১০০।পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন রূপসা আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকরামুল হক এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম ফরহাদ।

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

 

Views: 0

শেয়ার করুন