এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে চাঁদপুরে দোয়া: ‘উন্নয়ন চিরস্মরণীয়’

চাঁদপুর, ১৪ জুলাই ২০২৬: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘরস্থ অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখের চেম্বারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় পার্টির সহ-সভাপতি ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওলানা জাকির হোসেন হিরুর সভাপতিত্বে এবং জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক মো. হান্নান ঢালির পরিচালনায় মিলাদপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখ।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলামুন্নবী লিটন, ইব্রাহিম দেওয়ান স্বপন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব নান্নু ভূঁইয়া, জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক মো. শরীফ পাটোয়ারী, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার, জাতীয় পার্টির নেতা লোকমান হোসেন রানা, আরমান হোসেন স্বপন, জেলা যুবসংহতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রাজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখ বলেন, “স্বাধীন বাংলাদেশের উন্নয়নের প্রথম সূচনা হয় পল্লীবন্ধু এরশাদের হাত ধরে। স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের রূপকার ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ।”
তিনি আরও বলেন, “স্বাধীন বাংলাদেশ বিশ্বের মানচিত্রে যতদিন থাকবে, পল্লীবন্ধু এরশাদের নাম ততদিন অমর হয়ে থাকবে। তিনিই একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রধান বিচারপতির কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। ক্ষমতা হস্তান্তরের পরও তাঁকে দেশ ছেড়ে পালাতে হয়নি।”
তিনি নেতাকর্মীদের এরশাদের উন্নয়নের বার্তা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।
Views: 5

























