জনসেবার অঙ্গীকারে হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ চেয়ারম্যান পদে আলোচনায় আরিফুর রহমান

নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মো. আরিফুর রহমানকে ঘিরে স্থানীয় পর্যায়ে আগ্রহের কথা তুলে ধরা হচ্ছে। ইউনিয়নের উন্নয়ন, জনসেবা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রত্যাশাকে সামনে রেখে তাঁকে নিয়ে আলোচনা করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরিফুর রহমান জানিয়েছেন, জনগণের সেবা করার সুযোগ পেলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে কাজ করবেন। তাঁর ভাষ্য, ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তিনি বলেন, “আমি ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দিলে সবার মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চেষ্টা করব।” আরিফুর রহমানের মতে, ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের জন্য সম্ভাবনা তৈরি এবং নাগরিক সেবা সহজলভ্য করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।
তিনি জানান, দায়িত্ব পালনের সুযোগ পেলে ইউনিয়নের বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেবেন। একই সঙ্গে সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দেবেন।
কালচোঁ দক্ষিণ ইউনিয়নে বসবাসরত প্রবাসীদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আরিফুর রহমান বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাঁদের পরিবারের সদস্যরা যেন প্রয়োজনীয় নাগরিক সেবা ও সহযোগিতা পেতে অবহেলার শিকার না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চান তিনি।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে আরিফুর রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হওয়ার সুযোগ পেলে চেয়ারম্যান হিসেবে প্রাপ্ত বেতন-ভাতা বা সম্মানীর অর্থ জনকল্যাণে ব্যয় করার ইচ্ছা রয়েছে তাঁর। তিনি জনপ্রতিনিধিত্বকে ব্যক্তিগত লাভের মাধ্যম হিসেবে নয়, বরং মানুষের সেবা করার দায়িত্ব হিসেবে দেখেন বলেও জানান।
স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এ প্রতিষ্ঠান। এ অবস্থায় একজন চেয়ারম্যানের সততা, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে মো. আরিফুর রহমান রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা, স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ এবং গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেবেন। পাশাপাশি দরিদ্র ও অসচ্ছল পরিবার, বয়স্ক ব্যক্তি, বিধবা নারী এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও কার্যকর ভূমিকা রাখবেন।
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রি.
Views: 1






















