জন্ম থেকে হার্ট ছিদ্র, অবুঝ শিশুর পাশে ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন হাজীগঞ্জ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জে মানবসেবামূলক সংগঠন ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন হাজীগঞ্জ আবারও মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। উপজেলার এক আলেমের তিন বছর বয়সী সন্তান ‘মোহাম্মদ সালমান ফার্সি’ হার্টের ছিদ্রজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন থাকলে তার চিকিৎসা ও সার্বিক সহযোগিতায় পাশে দাঁড়ায় সংগঠনটি।

জানা যায়, গত রোববার শিশুটির হার্টের ছিদ্রজনিত রোগের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের আগে ও পরে ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন হাজীগঞ্জের নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন।

পাশাপাশি প্রয়োজনীয় রক্ত সংগ্রহ ও রক্তদাতাদের সমন্বয়ের মাধ্যমে রক্তের ব্যবস্থা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা। শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নিতে ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতিনিধি দল শিশুটির দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের সুস্থতাও কামনা করেন তারা।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন হাজীগঞ্জের চেয়ারম্যান প্রিন্সিপাল এম. এ. মতিন মজুমদার, ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন প্রধানিয়া, সহকারী সচিব মাওলানা ইসমাইল হোসেন, আল-আমিন মজুমদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. কামাল গাজী বলেন, “মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন হাজীগঞ্জ সবসময় প্রস্তুত রয়েছে। সমাজের মানুষের সহযোগিতায় আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।”

স্থানীয় সচেতন মহল সংগঠনটির এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এ ধরনের সেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে এবং সমাজে মানবিক সহমর্মিতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ খ্রি

Views: 1

শেয়ার করুন