ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক নুরুলবী নোমান

মোঃ আনিছুর রহমান সুজন :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক নুরুলবী নোমান।

বৃহস্পতিবার (১৮ জুন) বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ও গোপন ব্যালট ভোটের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হন। তার নির্বাচনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশনা ও সরকারি বিধি-বিধান অনুসরণ করে ১১ সদস্যবিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়। পরে সাধারণ সভায় সদস্যদের ভোটে সভাপতি নির্বাচন সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সদস্য আব্দুল মতিন। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রতিনিধি এসআই আজাদ হোসেন, কমিটির সদস্য আজিজুর রহমান, আলী আহমেদ, ইসমাইল হোসেন, রুনা খানম, রাবেয়া বেগম, আব্দুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নুরুলবী নোমান বলেন, “ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করায় আমি কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল ও মেধাভিত্তিক বিকাশ এবং একটি আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমি কাজ করে যেতে চাই। এ লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীসমাজের সহযোগিতা কামনা করছি।”

সাধারণ সভা শেষে উপস্থিত সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। স্থানীয়দের প্রত্যাশা, নুরুলবী নোমানের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক ও যুগোপযোগী পরিবর্তন আসবে।

 

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ খ্রি

Views: 3

শেয়ার করুন