পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাদ্দাম হোসেন :

শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, আসন্ন অর্ধবার্ষিক পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে চাঁদপুর শহরের পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা ছাড়া ভালো ফলাফল পাওয়া সম্ভব নয়। বিদ্যালয়ে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, সহপাঠ কার্যক্রম ও শিক্ষক-অভিভাবক নিয়মিত যোগাযোগ শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, অভিভাবক ও শিক্ষক একসাথে কাজ করলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সন্তানদের পড়াশোনা ও বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলার বিষয়ে পরিবার থেকেই সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের মানসিক ও প্রাতিষ্ঠানিক বিকাশের জন্য শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি শক্তিশালী সমন্বয় গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, নৈতিক শিষ্টাচার এবং সামাজিক মূল্যবোধ নিশ্চিত করার জন্য অভিভাবকদের আরো সচেতন থাকতে হবে। বর্তমান যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সন্তানরা কতটুকু সময় মোবাইল বা কম্পিউটারে কাটাচ্ছে, সেদিকে কড়া নজর রাখার পরামর্শ দেন তিনি।

সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক মৃদুলা সাহা, সহকারী শিক্ষক মুহাম্মদ নাছির, রেহেনা, ও কুমারী শ্যামলী রাণী।

প্রকাশিত : সোমবার, ২২ জুন ২০২৬ খ্রি

Views: 1

শেয়ার করুন