প্রধানমন্ত্রীর নির্দেশনাকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ প্রতিনিধি:

শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সাবেক খেলোয়াড়রা।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে কেরোয়া হোসনেআরা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে খেলাধুলার উপযোগী মাঠ নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। খেলাধুলা শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, কেরোয়া গ্রামের এই মাঠ একসময় স্থানীয় খেলোয়াড়দের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল ছিল। এ মাঠে খেলাধুলা করেই অনেক খেলোয়াড় নিজেদের প্রতিভা বিকশিত করেছেন এবং দেশের বিভিন্ন স্থানে ক্রীড়াঙ্গনে সুনামের সঙ্গে ভূমিকা রেখেছেন। কিন্তু গত সরকারের আমলে খেলার মাঠের জায়গায় নতুন বহুতল বিদ্যালয় ভবন নির্মাণ করায় মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে।

তাঁরা বলেন, বর্তমানে নতুন ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভেঙে সেখানে খেলার মাঠ পুনরুদ্ধার করে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, খেলার মাঠ ও খেলাধুলার উপযুক্ত পরিবেশের অভাবে নতুন প্রজন্মের একটি অংশ জুয়া, মাদক ও মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এর ফলে সামাজিক ও পারিবারিক নানা সমস্যা বাড়ছে। মাঠে নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা গেলে তরুণদের শারীরিক সক্ষমতা বাড়বে, মানসিক বিকাশ ঘটবে এবং তারা সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত হবে।

সাংবাদিক ও সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, ব্যবসায়ী সোহেল হামিদ, সাবেক খেলোয়াড় জিয়াউর রহমান জিয়া, ছাত্রদল নেতা আব্দুল মালেক রায়হান, শ্রাবন মানিক ও শিমুল পাটওয়ারী। এ ছাড়া ক্লাব পর্যায়ের খেলোয়াড় ওমর ফারুক মীম, মারুফ আহমেদ, শিমুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 5

শেয়ার করুন