ফরিদগঞ্জের বর্ডার বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান ৩ মাদকসেবীর কারাদণ্ড

মোঃ আনিছুর রহমান সুজনঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর-লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী এলাকা বর্ডার বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বর্ডার বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন সোহেল (৩০ দিনের কারাদণ্ড), আল আমিন (৬০ দিনের কারাদণ্ড) এবং রাকিব হোসেন (৩০ দিনের কারাদণ্ড)। কারাদণ্ডের পাশাপাশি আইন অনুযায়ী অভিযুক্ত তিনজনের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এলাকায় এ ধরনের বিশেষ অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামীদের থানা পুলিশের মাধ্যমে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

প্রকাশিত :  ‍সোমবার, ১৭ আগস্ট ২০২৬

Views: 5

শেয়ার করুন