ফরিদগঞ্জে জুয়েলার্সে চুরি হওয়া সোনার গহনাসহ গ্রেপ্তার ২

ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জ বাজারের মা জুয়েলার্স নামের একটি দোকান থেকে চুরি হওয়া ২৪ ভরি সোনার গহনাসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মাদ শাহআলম।
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের তথ্য প্রযুক্তির মাধ্যমে সাতক্ষীরার ফিরোজপুর গ্রামের কামাল পারভেজ মিলনকে (৪৬) খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে পিরোজপুর জেলার বাসিন্দা খলিল মৃধাকে (৪০) চাঁদপুর সদর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যারা স্বর্ণ ক্রয় করেছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার কামাল পারভেজ মিলনের কাছে রাজধানী টিভি নামে সাংবাদিকতার কার্ড ও মানবাধিকার কর্মীর কার্ড পাওয়া যায়। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ ৭টি মামলা ও মো. খলিল মৃধার বিরুদ্ধে দুইটি সিআর মামলা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ফরিদগঞ্জ বাজারের মা জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। ঘটনারপর দোকানের মালিক মন্টু মেয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Views: 0
























