ফরিদগঞ্জে মোবাইল কোর্টে এলপিজি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এলপিজি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান।
জানা গেছে, রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ফরিদগঞ্জ-সড়কের ভাটিয়ালপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এলপিজি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে রান্নার গ্যাসের সিলিন্ডার রিফিল করে বিক্রির অভিযোগে জে কে এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টার-এ অভিযান চালানো হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অভিযোগের সত্যতা পাওয়ায় স্টেশন মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে ওই কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করবেন না—এই মর্মে স্টেশন মালিকের কাছ থেকে একটি মুচলেকাও নেওয়া হয়েছে।
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Views: 5

























