ফরিদগঞ্জে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণ: আদালতের স্বতঃপ্রণোদিত মামলায় সমন জারি

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে সরকারি খাস সম্পত্তি দখল করে পাঁচতলা ভবন নির্মাণের অভিযোগে ব্যবসায়ী খোকন দেবনাথের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছেন ফরিদগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্ধন।
আদালত সূত্রে জানা যায়, গত ৭ মে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত “ফরিদগঞ্জে সরকারি জমি দখল করে বহুতল ভবন” শীর্ষক সংবাদ বিচারকের নজরে আসে। পরে গত ২৩ জুন বিষয়টি তদন্তের জন্য ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি)-কে সরেজমিনে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ফরিদগঞ্জ উপজেলার ১৪০ নম্বর রূপসা মৌজার ১ নম্বর খতিয়ানের ৩২৪২ নম্বর দাগের ০.০০৩৩ একর (পয়েন্ট)সরকারি খাস ভূমি ব্যবসায়ী খোকন দেবনাথ তার নিজস্ব জমির সঙ্গে অবৈধভাবে দখল করে পাঁচতলা ভবন নির্মাণ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে খাস জমিতে ভবন নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে, যা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
স্থানীয় বাজার ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় পূর্বপরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনের আলোকে আদালত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত খোকন দেবনাথের বিরুদ্ধে সমন জারির নির্দেশ প্রদান করেছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, সহকারী কমিশনার ভূমির অফিস থেকে তদন্ত করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। নির্দেশনা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Views: 8

























