মতলব উত্তরে বিশেষ অভিযানে ৩৪ পিচ ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ ৮ মাদক কারবারি গ্রেপ্তার, আটক ১০

সফিকুল ইসলাম রানা :
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ ৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি নিয়মিত মামলার আসামি ও একটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১০ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মতলব উত্তর থানা পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনা, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধান এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই জীবন চৌধুরী, এসআই সাদেকুর রহমান, এসআই সুমন চন্দ্র দাস, এসআই মিজানুর রহমান, এসআই ময়নাল হোসেন, এসআই মিজানুর রহমান-৩ এবং এএসআই রবিউল হোসেন, এএসআই আলমগীর হোসেন, এএসআই আহাম্মদ হোসেন, এএসআই মিলন শেখসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া অভিযানে একটি নিয়মিত মামলার আসামি এবং একটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকলকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদকের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না। জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
প্রকাশিত :শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Views: 5

























