শাহরাস্তিতে নিরাপত্তাহীনতায় এক প্রবাসীর পরিবার! আইনি সহযোগিতা কামনা

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা ও প্রতিপক্ষের হুমকীতে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মেহের উত্তর ইউনিয়নের পতিচৌঁ গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী শামীমা আক্তার জানান, আমার প্রবাসী স্বামী বেলায়েত হোসেন তার ক্রয়কৃত পতিচৌঁ মৌজার খতিয়ান নং-১৫৯, দাগ নং-৬৮ এর অন্দরে থাকা ২৮ শতাংশ সম্পত্তি হেবামূলে আমাকে হস্তান্তর করে। আমি ওই সম্পত্তি আমার নামে নামজারি খতিয়ান সৃজন ও খাজনা পরিশোধ করি। আমার খতিয়ানভুক্ত সম্পত্তির উপরে দোচালা একটি টিন সেড ঘর নির্মাণ করেছি।
গত ৬ জুন প্রতিপক্ষ আমার জ্যা আয়েশা আক্তার, জ্যায়ের বড় ভাই তাজুল ইসলাম, বোন হাজেরা, হাজেরার স্বামী বিল্লাল হোসেন, তার ছেলে রায়হান সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন বহিরাগত লোক নিয়ে সম্পত্তি দখলের উদেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে আমাকে মারার জন্য তেড়ে আসে। আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রাণে রক্ষা পাই। ওই সময় প্রতিপক্ষরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রকাশ্যে হুমকি প্রদান করে।
আমি কিংবা আমার পরিবারের কোন সদস্য ভবিষ্যতে উক্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে অথবা কোন আইনি পদক্ষেপ নিলে আমাকেসহ আমার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকী দেয়। বর্তমানে আমার স্বামী প্রবাসে অবস্থান করায় আমি একমাত্র সন্তানকে নিয়ে তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। আমি সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে আইনি সহযোগিতা ও সঠিক বিচার কামনা করছি।
দলিল লেখক সাইফুল ইসলাম জানান, ওই সম্পত্তি বায়না থেকে রেজিষ্ট্রি পর্যন্ত আমার মাধ্যমে সম্পন্ন হয়েছে। শুরুতে সম্পত্তি বেলায়েত হোসেনের ক্রয় করার কথা থাকলেও সম্পূর্ণ টাকা জোগাড় করতে ব্যর্থ হওয়ায় আপন ভাই সাফায়েতকে সাথে নিয়ে সম্পত্তি রাখার সিদ্ধান্ত হয়। তখন দুই ভাইয়ের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতার মাধ্যমে একই দলিলে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। সম্প্রতি সাফায়েত ওই সমঝোতা থেকে সরে যাওয়ায় বর্তমান সমস্যার সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান, আমরা জানতাম সম্পত্তি ক্রয় করেছে বেলায়েত হোসেন। ইদানিং তাদের সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দেয়ায় জানতে পারি দুই ভাইয়ের মধ্যে সম্পত্তিগত বিরোধ। প্রশাসনের মাধ্যমে তাদের বিরোধ নিষ্পত্তি করা উচিত তা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষ আয়েশা আক্তারের মুঠোফোন (০১৮৫…..০৪১) নাম্বারে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Views: 5
























