হাজীগঞ্জ পৌর মেয়র প্রার্থী অ্যাডভোকেট টিটুর ৯নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বুধবার (১০ জুন) হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।

বিকেলে এনায়েতপুর জামে মসজিদে আছর নামাজ আদায়ের পর তিনি এনায়েতপুর, আলীগঞ্জ বাজারসহ ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। গণসংযোগকালে অ্যাডভোকেট টিটু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।

তিনি বলেন, “আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব হাজীগঞ্জ পৌরসভা গড়ে তুলতে চাই। পৌরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করাই আমার লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই।”

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক,শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা আগামী দিনে পৌরবাসীর দ্বারে দ্বারে গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, “অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই আসন্ন পৌর নির্বাচনে তাকে মেয়র হিসেবে দেখতে চান অনেক পৌরবাসী।”
গণসংযোগ শেষে অ্যাডভোকেট টিটু আবারও পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভা মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি মো. কামরুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. নুর মোহাম্মদ সবুজ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বোরহান উদ্দিন সম্রাট, প্রবাসী বিএনপি নেতা আব্দুর রহিম, ৯ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ইয়াছিন কাজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রকাশিত : বুধবার, ১০ জুন ২০২৬ খ্রি

Views: 5

শেয়ার করুন