সন্ধ্যার পর উদ্দেশ্যমূলক ঘোরাফেরার অভিযোগে ৫ কিশোর আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সন্ধ্যার পর উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ৫ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের অভিভাবকদের মুচলেকার ভিত্তিতে জিম্মায় ছেড়ে দেয়া হয়।
পুলিশ জানায়, বুধবার ১০ জুন ২০২৬ রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের সহযোগিতায় উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুছ সরকার, মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও মোঃ আইয়ুব খাঁন সঙ্গীয় ফোর্সসহ থানাধীন মেহের স্টেশন এলাকা এবং পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে পড়াশোনা বাদ দিয়ে সন্ধ্যার পর অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করায় ৫ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ৩ জন অষ্টম শ্রেণি ও ২ জন দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানায়। তবে সন্ধ্যার পর বাইরে অবস্থানের যৌক্তিক কারণ সম্পর্কে তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
পরবর্তীতে আটককৃতদের অভিভাবকদের থানায় ডাকা হলে ভবিষ্যতে তাদের সন্তানরা পড়াশোনার ক্ষতি করে সন্ধ্যার পর অযথা ও উদ্দেশ্যহীনভাবে বাইরে ঘোরাফেরা করবে না বলে অঙ্গীকার করেন।
এদিকে, আটককৃত কিশোরদের বিরুদ্ধে পূর্বে কোনো থানার রেকর্ড পাওয়া যায়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, কিশোর অপরাধ প্রতিরোধ, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Views: 6
























