শিক্ষিকার বদলে ছাত্রের ক্লাস! সত্য ফাঁস করায় সাংবাদিককে ‘ডিজিটাল হামলা’

ফরিদগঞ্জ প্রতিনিধি:
দৈনিক কালবেলা ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল কাদিরের বিরুদ্ধে ভুয়া ফটোকার্ড বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদগঞ্জ প্রেসক্লাব।
মঙ্গলবার ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার নাম ব্যবহার করে সাংবাদিক আবদুল কাদিরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া ফটোকার্ড তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে, যা নিন্দনীয় ও দুঃখজনক।
ঘটনার সূত্রপাত:
গত ৫ মে বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমের পরিবর্তে তার সদ্য দাখিল পাস করা ছেলে মিরাজুন্নবী সিয়াম শ্রেণিকক্ষে পাঠদান করছে— এমন তথ্য সংবাদকর্মীদের হাতে আসে। বিষয়টির সত্যতা যাচাইয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফারহানা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানার সঙ্গে যোগাযোগ করা হয়। অনুসন্ধানে বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়।
পরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রাথমিক শিক্ষা বিভাগ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ১২ মে সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয় এবং খোরাকি ভাতা প্রদানের নির্দেশ দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে অফিস আদেশ জারি হয়।
অপপ্রচারের অভিযোগ:
ফরিদগঞ্জ প্রেসক্লাবের দাবি, এ ঘটনায় ক্ষুব্ধ একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিক আবদুল কাদিরের পেশাগত সুনাম নষ্ট করতে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কবির বলেন, “আমি ব্যক্তিগতভাবে প্রায় ৭-৮ বছর ধরে সাংবাদিক আবদুল কাদিরকে চিনি। তিনি অত্যন্ত ভদ্র, সৎ ও ভালো মনের মানুষ।”
প্রেসক্লাবের আহ্বান:
বিবৃতিতে ফরিদগঞ্জ প্রেসক্লাব সাংবাদিক আবদুল কাদিরসহ সকল পেশাদার সংবাদকর্মীর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার, মিথ্যাচার ও মানহানিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে।
প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান জানান, সাংবাদিক আবদুল কাদির দীর্ঘদিন ধরে সুনাম ও পেশাগত সততার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। বিশেষ করে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তিনি পাঠকমহলে আস্থা অর্জন করেছেন।
বিবৃতিটি হুবহু সকল পত্রিকায় প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Views: 9
























