শিশু ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতারের পর আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ ‘মানসিক চাপেই প্রাণ গেছে

আনিছুর রহমান সুজন:
চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেফতার হওয়া মিজানুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মিজানুর রহমান ফরিদগঞ্জ উপজেলার কৈড়াতলী গ্রামের বাবুর বাড়ির বাসিন্দা। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, সকালে কৈড়াতলী গ্রামের পাটোয়ারী বাড়ি এলাকা থেকে ধর্ষণচেষ্টা মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। থানায় নেওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, নিহতের পরিবারের দাবি, মিজানুর রহমান মিথ্যা অভিযোগ ও মানসিক চাপ সহ্য করতে না পেরেই মারা গেছেন। নিহতের স্বজন মামুন পাটোয়ারী অভিযোগ করে বলেন, কয়েকদিন ধরে একই গ্রামের মোশফিকুর রহমান ঈমু, আসিফ ভুঁইয়া ও কালু মিয়া মিজানুর রহমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তাদের যোগসাজশে পুলিশ কোনো ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই তাকে গ্রেফতার করে, যার ফলে তিনি চরম মানসিক চাপে পড়েন। পরিবারের দাবি, এই মানসিক আঘাতই তার মৃত্যুর কারণ।
তিনি আরও জানান, মিজানুর রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে নিজ বাড়িতেই বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কৈড়াতলী গ্রামের ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতেই মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Views: 9

























