হাজীগঞ্জের বাকিলা উবির অভিভাবক সদস্য হোসেন মোল্লা লিটন সম্মাননা পেলেন

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাকিলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হোসেন মোল্লা লিটন শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যে সম্মাননা পেলেন। হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম. জাহাঙ্গীর হোসেন কে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) ঐতিহ্যবাহী বাকিলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে ক্রেস্ট গ্রহণ করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য হোসেন মোল্লা লিটন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম. জাহাঙ্গীর হোসেন বলেন,  হোসেন মোল্লা লিটন শিক্ষার্থীদের জন্যে ধারাবাহিকভাবে অসামান্য ভূমিকা রেখে আসছেন, যা সত্যিই প্রশংসনীয়। তাঁকে উৎসাহিত করতে আমরা এই বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছি। তাঁর দেখাদেখি অন্যরাও যেন শিক্ষার্থীদের সহযোগিতায় এভাবে এগিয়ে আসেন, সেটিই আমাদের প্রত্যাশা।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা তালুকদার, অভিভাবক সদস্য মো. এনামুল হক তোহা, সহকারী প্রধান শিক্ষক সুমন সাহা, সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য মো. মোখলেসুর রহমান ও যুবদল নেতা মো. আবু বকর তফদার প্রমুখ।

জানা যায়, বিদ্যালয়ের ঝরে পড়া, এতিম ও অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার মাধ্যমে শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ অবদান রাখায় বাকিলা উচ্চবিদ্যালয়ের একাধিকবারের অভিভাবক সদস্য হোসেন মোল্লা লিটনকে সম্মাননা ক্রেস্ট পুরস্কৃত করা হয়েছে।

ঐতিহ্যবাহী বাকিলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হোসেন মোল্লা লিটন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য। বাকিলা বাজারে ‘ব্লু মুন ক্যাফেটেরিয়া’ এবং বাকিলা উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে একটি ফাস্টফুডের ব্যবসা পরিচালনা করেন। যার আয়ের পুরো টাকাসহ পেনশনের টাকার বড় একটা অংশ তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পেছনে ব্যয় করেন।

এলাকাবাসীর কাছে সর্বজনস্বীকৃত। শিক্ষার্থীদের খাতা-কলম, বই ও গাইড বই কিনে দেওয়া, অসচ্ছল ও মেধাবীদের প্রাইভেট পড়ার ব্যবস্থা করা, ফরম পূরণের ফি দেওয়া, ঝরে পড়া রোধ করা এবং শিক্ষা সফরে নিয়ে যাওয়ার মতো নানা আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। মূলত এসব কাজের স্বীকৃতিস্বরূপ উপজেলা শিক্ষা প্রশাসন হোসেন মোল্লা লিটনকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে উৎসাহিত করেছে।

প্রকাশিত : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

Views: 4

শেয়ার করুন