হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেয়র প্রার্থী হাসান মিয়াজীর ব্যাপক গণসংযোগ ও মতবিনিময়

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী পৌরসভার ৫ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। শনিবার  আছরের নামাজের পর তিনি ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন।

এ সময় স্থানীয় মসজিদে নামাজ আদায় শেষে ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত শোনেন।

মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, তিনি হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী এবং বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। দল তাকে মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নেবেন। আর অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে দলের সিদ্ধান্ত মেনে তার পক্ষেই কাজ করবেন।

তিনি আরও বলেন, “একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব হাজীগঞ্জ পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”
গণসংযোগে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

স্থানীয়দের মতে, এ ধরনের গণসংযোগ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে বাস্তব ধারণা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশিত : রোববার, ০৫ জুলাই ২০২৬ খ্রি
.

Views: 4

শেয়ার করুন