হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র নস্যাৎ করতে দ্রুত নির্বাচন দিতে হবে : লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র নস্যাৎ করতে দ্রুত নির্বাচন দিতে হবে। দেশের মানুষের প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা হবে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। আমরা অন্তবর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুসকে অনুরোধ করবো দেশ ও দেশের মানুষের কথা শুনুন । আমরা আপনার সাথে শুরুতে ছিলাম এখনো আছি। আপনি একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করুন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর -৫ (শাহরাস্তি- হাজীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মমিনুল হক উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, এই মুহূর্তে আমাদের বিভেদ নয় ঐক্যের প্রয়োজন। একটি রাজনৈতিক দল দেশটাকে দ্বিধাবিভক্ত করেছে। যখন জাতি ঐক্যবদ্ধ হয়েছে তখনি সেই পরাজিত শক্তি আবার তাল বাহানায় নির্বাচনকে বানচাল করতে চায়। আমি সকল নেতাকর্মীদের অনুরোধ করবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করবেন না। কারো প্রতি জুলুম, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও পরিবহন সেক্টরে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আমি আপনাদের জনপ্রতিনিধি হলে ইনশাআল্লাহ কোন ধর্মের মানুষের প্রতি অন্যায় ও জোরজবরদস্তি হবে না।
তিনি বলেন, দলের মধ্যে যারা বিভক্তি সৃষ্টি করেন আমি আপনাদের ভালো করে চিনি। আমি মতিন সাহেবের তিনটি নির্বাচন করেছি। স্বৈরাচারের আমলে নৌকায় ভোট দিতে যারা তিক্ত হয়েছেন, মেজর রফিক আপনাদেরকে লালন পালন করেছে। আপনাদের নামে কোন মামলা হয় নাই। এখন হালুয়া রুটি খাওয়ার জন্য দলের মধ্যে বিভক্তি করে কনসার্ট করেন, মিছিল করেন। দ্রুত সময়ের মধ্যে ১৭ বছরে আওয়ামী লীগের সম্প্রীতির জন্য আপনাদেরকে দলের নেতাকর্মীদের কাছে জবাবদিহিতা করানো হবে। দলের নেতাকর্মীদেরকে সাক্ষী রেখে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত নায়ক মেজর রফিকের নৌকা মার্কা বিজয়ের জন্য কাজ করেছে এদেরকে সম্পূর্ণরূপে চিহ্নিত করে রাখবেন । দলের সুদিন আসলে এদেরকে কোনরুপ ছাড় দেওয়া হবে না।
উপজেলা বিএনপি’র সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদল সভাপতি আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, সহ সভাপতি রুপন পাটোয়ারী, উপজেলা যুবদল সভাপতি আলী আজগর মিয়াজী, পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক এহতেশামুল হক গনি, উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভার পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালিটি সূয়াপাড়া জি.কে উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়ক ও উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী মেহের কালিবাড়ী মাঠে মিলিত হয়।
এতে উপজেলা, পৌরসভা ও ১০ টি ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া পরিষদ, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে দলীয় পতাকা, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন এবং ব্যানার নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। র্যালিতে তরুণদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
Views: 0






















