মতলব উত্তরে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে ৭৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক দিক থেকেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশ, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহম্মেদের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াদুদ মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, গজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মোল্ল্যা, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণচঞ্চল করে তোলে। পাশাপাশি সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ খ্রি.
Views: 2

























