ফরিদগঞ্জে বাঁশঝাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে মো. আলাউদ্দিন রিয়াজ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ( ২৯ মার্চ) রাতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিশাইর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. আলাউদ্দিন রিয়াজ ওই গ্রামের হারুন গাজীর ছেলে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সোমবার (৩০ মার্চ) সকালে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্বাছ শেখ বলেন, মো. আলাউদ্দিন রিয়াজ নিজে কাজ নিয়ে ইলেকট্রিক ও পাইপ ফিল্টারের কাজ করতেন। সাম্প্রতিক সময়ে তিনি সংঘ দোষে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। মাদকের সাথে সম্পৃক্ত হওয়ায় পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে তাকে বকাঝকা করতো। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় সে বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুজির এক পর্যায়ে তার বসতবাড়ির উত্তর-পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ে ঝুলন্তবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এসময় পুলিশকে খবর দিলে উপপুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মো. আলাউদ্দিন রিয়াজের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে, ময়না তদন্ত রিপোর্ট আসলে বিধি মোতাবেক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ ২০২৬ খ্রি.
Views: 27

























