মতলব উত্তরের প্রাকৃতিক ঐশ্বর্য ডুমুর গাছ : স্মৃতি, সৌন্দর্য ও পরিবেশের ছোঁয়া

সফিকুল ইসলাম রানা : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা যেন প্রকৃতির এক উন্মুক্ত গ্যালারি। গ্রামীণ পথ ধরে হাঁটলেই চোখে পড়ে নানা রকম গাছপালা, তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী ও আকর্ষণীয় হলো ডুমুর গাছ (Ficus racemosa)। এ গাছ শুধু ফলের বাহারেই নয়, শৈশবের স্মৃতি, পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
উপজেলার বিভিন্ন এলাকায়—ঘনিয়ারপাড়, মোহনপুর, টরকী, ইসলামাবাদ, চরপাথালিয়া, লুধুয়া, ছেংগারচর, রুহিতারপার, এসব অঞ্চলে রাস্তার পাশে, বাড়ির আঙিনায় বা পরিত্যক্ত স্থানে দেখা মেলে এই ডুমুর গাছের।
সম্প্রতি ঘনিয়ারপাড় গ্রামে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনের একটি ডুমুর গাছে থোকায় থোকায় ফল ধরেছে, যা পথচারীদের নজর কাড়ছে। কাণ্ডজুড়ে ছড়িয়ে থাকা সবুজ ডুমুর যেন গাছটিকে পরিণত করেছে এক শিল্পকর্মে। এ রকম দৃশ্য কেবল ওই এলাকায় নয়, উপজেলার আরও নানা জায়গাতেই দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের মনে নতুন করে উদ্দীপনা জাগাচ্ছে।
আমুয়াকান্দি গ্রামের বাসিন্দা সাংবাদিক ইসমাইল খান টিটু বলেন, “আমরা ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় এমন গাছ থেকে ডুমুর পেড়ে লবণ-মরিচের গুড়া মাখিয়ে খেতাম। আজও সেই স্বাদ ভুলতে পারিনি।”
কলেজপড়ুয়া ছাত্র ইমরান হোসেন বলেন, “এই গাছগুলো আমাদের এলাকাকে সাজিয়ে রেখেছে। শহরের মতো বিল্ডিং নয়, আমাদের সৌন্দর্য এই প্রকৃতির ভেতরে।”
পরিবেশকর্মী শামীম হোসেন বলেন, “এই গাছগুলো শুধু চোখের আনন্দই নয়, জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ। খেয়াল করলে দেখা যাবে, পাখিরা এই গাছেই বেশি আসে, মৌমাছিরাও ভিড় করে।”
ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার বলেন, “আমরা ইউনিয়ন পর্যায়ে প্রকল্প নিচ্ছি যেখানে সরকারি রাস্তার পাশে ফলদ, ঔষধি ও ছায়াদানকারী গাছ লাগানো হবে। ডুমুর গাছ থাকবে বিশেষভাবে সংরক্ষণের আওতায়।”
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, “ডুমুর ফল ও ছাল আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়। পাশাপাশি এটি পাখির খাদ্য ও বাসস্থান সরবরাহ করে। রাস্তার পাশে এ ধরনের গাছ সংরক্ষণে আমরা সচেষ্ট।”
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম বলেন, “এ ধরনের প্রাকৃতিক গাছ শুধু পরিবেশ নয়, স্থানীয় ঐতিহ্য ও স্মৃতি বহন করে। আমরা গুরুত্বপূর্ণ গাছগুলো সংরক্ষণ এবং আরও রোপণের জন্য পরিকল্পনা নিচ্ছি।”
মতলব উত্তরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ডুমুর গাছ যেন একেকটি জীবন্ত ইতিহাস, যেখানে মিশে আছে প্রকৃতি, মানুষ আর সময়ের গল্প। এই গাছগুলো শুধু পরিবেশ রক্ষা করে না, প্রজন্মের পর প্রজন্মের শৈশব স্মৃতি বহন করে। তাই আজ প্রয়োজন, এসব গাছকে কেবল দেখা নয়—সংরক্ষণ ও সম্মানের সাথে আগামীর জন্য রেখে যাওয়া।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 2




















