মতলব উত্তরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন: সুফল পাবে ৫ গ্রাম

গোলাম নবী খোকন, মতলব উত্তর (চাঁদপুর), ৪ মে:

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপি কর্মসূচির আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অলিপুর-কলসভাঙ্গা খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার উপজেলার দুর্গাপুর ইউনিয়ন থেকে কালীপুর পাম্প হাউস হয়ে পাঠান বাজার, দাসের বাজার, ব্রাহ্মণচক ও অলিপুর-কলসভাঙ্গা পর্যন্ত বিস্তৃত খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। মতলব উত্তর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

উদ্বোধনকালে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, খালটি পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং বোরো মৌসুমে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন। দীর্ঘদিন ধরে ভরাট থাকায় বর্ষায় পানি নিষ্কাশন ও শুষ্ক মৌসুমে সেচের অভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খায়রুল হাসান বেনু, দুর্গাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হাসমত আলী, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্কর ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী।

এছাড়া ইউপি সদস্য মোঃ রনি, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃষ্টিপাত ও বজ্রপাত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

স্থানীয়দের আশা, খালটি পুনঃখননের মাধ্যমে দুর্গাপুর, পাঠান বাজার, দাসের বাজার, ব্রাহ্মণচক ও অলিপুর-কলসভাঙ্গা গ্রামের প্রায় ৫ হাজার একর কৃষিজমি সরাসরি উপকৃত হবে।

প্রকাশিত : সোমবার, ০৪ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 7

শেয়ার করুন