মতলব উত্তরে পানি নিষ্কাশন বন্ধ, জলাবদ্ধতায় ১২ হিন্দু পরিবারের চরম দুর্ভোগ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আম্মা কান্দা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ১২টি হিন্দু পরিবারের পানি নিষ্কাশন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় দুই বছর ধরে এ কারণে পরিবারগুলো চরম দুর্ভোগ পোহাচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ সড়কের বেড়িবাঁধ থেকে ঢালু পথে প্রয়াত গণেশ চন্দ্র সরকারের বাড়ি। বাড়িটির পশ্চিম পাশে পাকা সড়ক এবং সড়কের পশ্চিম পাশে জালাল জমাদারের জমি। জালাল জমাদার ও তার ছেলে শাকিল ওই জমি ক্রয় করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীরা জানান, জমির পূর্বের মালিক সালামত প্রধান থাকাকালীন পানি নিষ্কাশনে কোনো সমস্যা ছিল না। কিন্তু বর্তমান মালিক জালাল জমাদার মালিক হওয়ার পর থেকে তাদের পানি নিষ্কাশনে বাধা দিচ্ছেন। ফলে সামান্য বৃষ্টি হলেই বাড়ির উঠানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
জমির পরিমাণ নিয়েও বিরোধ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, সড়কের পূর্ব পাশে জালাল জমাদারের প্রায় এক শতক জমি থাকার কথা থাকলেও তিনি তিন শতক দাবি করছেন। এ নিয়ে বিরোধের জেরে আদিত্য সরকারসহ হিন্দু পরিবারগুলোর কাছে সাড়ে ছয় লাখ টাকা দাবি করা হচ্ছে। টাকা না দেওয়ায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে দুই পক্ষের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। জালাল জমাদারের দাবি, তার তিন শতক জমি আদিত্য সরকার দখল করে রেখেছেন। গ্রাম্য সালিশে ওই জমির মূল্য হিসেবে সাড়ে ছয় লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে আদিত্য সরকার বলেন, “পূর্বের মালিক সালামত প্রধান থাকাকালীন পরিমাপ করে এক শতক জমির দাবি করেছিলেন। এখন জালাল জমাদার মালিক হয়ে তিন শতক জমি দাবি করে আমাদের কাছে সাড়ে ছয় লাখ টাকা দাবি করছেন।”
দীর্ঘদিন জলাবদ্ধতায় থাকায় নারী, শিশু ও বয়স্কদের নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন বলে জানান ভুক্তভোগীরা। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Views: 5

























