হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক আবু হেনা বাবলু প্রার্থী

মোহাম্মদ সাইফুল ইসলাম
চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬ ঘিরে বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু হেনা বাবলু।

মঙ্গলবার (১১ আগস্ট) এক বিবৃতিতে মো. আবু হেনা বাবলু বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। তিনি আশা প্রকাশ করেন, একটি উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ব্যবসায়ীরা তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচিত করার সুযোগ পাবেন।

তিনি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের উদ্যোগ নেওয়ায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

একই সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির সংশ্লিষ্ট সকল সদস্যের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মো. আবু হেনা বাবলু বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হলে ব্যবসায়ীদের মধ্য থেকে যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব উঠে আসবে। নির্বাচিত হলে তিনি সাধারণ ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং হাজীগঞ্জ বাজারের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য করতে বাজারের সকল ভোটার ও ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এ জন্য তিনি সকলের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।

মো. আবু হেনা বাবলু হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং হাজীগঞ্জ বাজারের সাজি ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী। তিনি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সকল ভোটার ভাই-বোনের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আসন্ন নির্বাচনে তাকে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের সমর্থন কামনা করেন।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

Views: 3

শেয়ার করুন