সমিতির নির্বাচিত ৩০ নেতাকে অভিনন্দন ভোটারদের প্রতি শরীফ মজুমদারের কৃতজ্ঞতা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত ১১ জন সম্পাদক ও ১৯ জন কমিশনারসহ মোট ৩০ জন নেতাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা মো. শরীফ মজুমদার।

একই সঙ্গে নির্বাচনে যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি সবার প্রতিই তিনি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন গত ২৯ আগস্ট অনুষ্ঠিত হয় এবং ৩০ আগস্ট চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে সালাহ্উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক পদে শাহাবুদ্দিন সাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে জিসান আহমেদ সিদ্দিকী নির্বাচিত হন। নির্বাচনে বিভিন্ন পদে ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ১১ জন সম্পাদক ও ১৯ জন কমিশনারসহ মোট ৩০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা মো. শরীফ মজুমদার বলেন, নির্বাচনের ফলাফল তার প্রত্যাশা অনুযায়ী না হলেও পুরো নির্বাচনী সময়জুড়ে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা যেভাবে তাকে ভালোবাসা, সমর্থন, সাহস ও দোয়া দিয়ে পাশে থেকেছেন, তা তিনি আজীবন মনে রাখবেন।

তিনি বলেন, “যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমার জন্য দোয়া করেছেন, গণসংযোগে পাশে ছিলেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দেশে ও প্রবাসে অবস্থানরত আমার বন্ধু, বড় ভাই ও শুভাকাঙ্ক্ষীরাও বিভিন্নভাবে আমাকে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন। তাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা সবসময় থাকবে।”

শরীফ মজুমদার আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। তবে নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী ভাইদের সঙ্গে যে সম্পর্ক, ভালোবাসা ও বন্ধন তৈরি হয়েছে, তা কোনো ফলাফলের কারণে শেষ হওয়ার নয়। অতীতের মতো ভবিষ্যতেও সুখে-দুঃখে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান তিনি।

নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে শরীফ মজুমদার বলেন, নতুন নেতৃত্ব ব্যবসায়ীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং হাজীগঞ্জ বাজারের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই তার প্রত্যাশা।

তিনি বলেন, “জয়-পরাজয় নির্বাচনের একটি অংশ। কিন্তু আপনাদের ভালোবাসায় আমি হারিনি; বরং আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন।”

সবশেষে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি। একই সঙ্গে যারা তাকে ভোট দিয়েছেন অথবা ভোট দেননি, তাদের সকলের প্রতি আজীবন বিনম্র শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা থাকবে বলেও জানান মো. শরীফ মজুমদার।

প্রকাশিত :  ‍ শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Views: 5

শেয়ার করুন