হাজীগঞ্জের বাকিলা উত্তর শ্রীপুরে যুবদলের ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের নবগঠিত কমিটি পুনর্বিবেচনা ও বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উত্তর শ্রীপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নবগঠিত ওয়ার্ড যুবদলের কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। একই সঙ্গে স্বজনপ্রীতির মাধ্যমে কয়েকজনকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

এছাড়া কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে দাবি করেন বক্তারা। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত, ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হলে সাংগঠনিকভাবে দল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন থেকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তী) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মুমিনুল হক এবং হাজীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে উত্তর শ্রীপুর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের বর্তমান কমিটি পুনর্বিবেচনার দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া যুবদল নেতা খোরশেদ হাজী নিজেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী দাবি করে বলেন, দলের দুঃসময়ে মাঠে থেকে সংগঠনের জন্য কাজ করা নেতাকর্মীদের অনেকেই বর্তমান কমিটিতে যথাযথ মূল্যায়ন পাননি। তাকে সাধারণ সম্পাদক পদে সুযোগ না দিয়ে অন্য একজনকে দায়িত্ব দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় তিনি বর্তমান পদ থেকে পদত্যাগের ঘোষণাও দেন।

বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের ক্ষেত্রে দলীয় নীতিমালা, সাংগঠনিক যোগ্যতা ও নেতাকর্মীদের গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাই উত্তর শ্রীপুর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের নবগঠিত কমিটি পুনর্বিবেচনা করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে সবার কাছে গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

এ সময় সংশ্লিষ্ট উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

প্রকাশিত :  ‍বুধবার, ১৯ আগস্ট ২০২৬

Views: 2

শেয়ার করুন