ফরিদগঞ্জে পুলিশের অভিযানে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে গ্রেফতার

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া, যিনি ‘কিলার মাসুদ’ নামে পরিচিত, গ্রেফতার হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক দিকনির্দেশনায় এএসআই মো. জুমায়েত হোসেন জুয়েল ও এএসআই মাসুদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় আসামির অবস্থান শনাক্ত করে। পরে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কৌশলগত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদুল করিম ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আব্দুল হালিম ভুঁইয়ার ছেলে। একটি অস্ত্র মামলায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামিকে বিধি মোতাবেক ফরিদগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

Views: 5

শেয়ার করুন