হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় ৫ বছর পর রায়: ৫২ জন খালাস, সাজা হলো শুধু রাজনের!

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের হাজীগঞ্জের আলোচিত রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় অবশেষে রায় দিয়েছেন আদালত। দীর্ঘ ৫ বছর বিচারিক প্রক্রিয়া শেষে মামলার একমাত্র আসামি রাজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ৫২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদ এই রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ অক্টোবর রাতে কুমিল্লার ঘটনার জেরে হাজীগঞ্জের রামপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই রাতেই ১০০ থেকে ১৫০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে হামলা চালায়। মন্দিরের প্রতিমা ভাঙচুর, স্বর্ণালংকার, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা লুটপাট এবং উপস্থিত ভক্তদের মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়।
এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি পাপন চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামি রাজনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অন্যদিকে, ঘটনার সাথে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মামলার অপর ৫২ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ খ্রি.
Views: 15






















