হাজীগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছাত্রদল নেতাকে মারধর, চাচিকে নিয়ে অপপ্রচার

নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইবনে জাবির রাহাতের (১৯) ওপর হামলা, অপপ্রচার ও হয়রানির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চারজনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা করেছেন রাহাত। মামলার আসামিরা হলেন রামচন্দ্রপুর গ্রামের হাছান হাওলাদার (৩০), ইমাম হাওলাদার (৩১), একরাম গাজী (২৯) ও আকবর হাওলাদার (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হাছান হাওলাদার এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন রাহাত। প্রায় এক মাস আগে স্থানীয়দের প্রতিবাদের পর রাহাতের সহযোগিতায় হাছান মাদকসংক্রান্ত কর্মকাণ্ড থেকে সরে আসার প্রতিশ্রুতি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই রাহাতের সঙ্গে হাছানসহ অন্যদের বিরোধের সূত্রপাত হয় বলে অভিযোগ।

রাহাতের দাবি, এ ঘটনার পর তাকে ভয়ভীতি দেখানো ও বিভিন্নভাবে হয়রানি করা হয়। এমনকি তাকে সামাজিকভাবে হেয় করতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোরও চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, আরিফ হাওলাদারের স্ত্রীকে জড়িয়ে রাহাতের বিরুদ্ধে কথিত অনৈতিক সম্পর্কের অভিযোগ তৈরির চেষ্টা করা হয়। রাহাতের দাবি, ওই নারী তার চাচি সম্পর্কের।

এ বিষয়কে কেন্দ্র করে তাকে চাপ প্রয়োগ এবং কথিত স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রাহাতের অভিযোগ, ১২ আগস্ট তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। পরে বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাড়ি ফেরার পথে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন রাহাত। হামলায় তাকে মারধর করা হয় এবং একপর্যায়ে একরাম গাজী দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগও করা হয়েছে।

রাহাত বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকেই তাকে ভয়ভীতি, অপপ্রচার ও হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে হাছান হাওলাদারের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্য অভিযুক্তদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, রাহাতের পক্ষ থেকে চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত :  ‍বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Views: 4

শেয়ার করুন