হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন আবদুল মতিন স্বপনের আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয়

নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মতিন স্বপন আধুনিক, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্প্রতি প্রকাশিত তার নির্বাচনী প্রচারপত্রে নাগরিকসেবা সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জবাবদিহিমূলক প্রশাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আবদুল মতিন স্বপন বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে চান। নির্বাচিত হলে বাকিলা ইউনিয়নকে পরিকল্পিত ও জনকল্যাণমুখী ইউনিয়নে রূপান্তরে কাজ করার প্রত্যয় জানান।
পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদের নাগরিকসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন ও নাগরিক সনদসহ বিভিন্ন সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে অনলাইনভিত্তিক সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সুষম উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সুবিধার্থে রাস্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে খাল খননের পরিকল্পনাও রয়েছে তার।
স্বপন বলেন, “বাকিলা ইউনিয়নের উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ৯টি ওয়ার্ডের মানুষের প্রয়োজন ও সমস্যাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। সরকারি বরাদ্দ ও জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়টিও তার পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে। মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা এবং ধর্মীয় নেতাদের সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কথা জানিয়েছেন।
এ ছাড়া হতদরিদ্র পরিবারের বাসস্থান, চিকিৎসা ও শিক্ষায় সহযোগিতা, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের সরকারি সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে তার প্রচারপত্রে।
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সমন্বয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন এবং নারী ও বয়স্কদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
আবদুল মতিন স্বপন বলেন, “চেয়ারম্যান পদ আমার কাছে ক্ষমতার বিষয় নয়, এটি জনগণের সেবা করার দায়িত্ব। ভোটারদের সমর্থন পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
বাকিলা ইউনিয়ন প্রশাসনিকভাবে হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর ইউনিয়ন এবং জাতীয় সংসদের চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার অংশ।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাকিলা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। আবদুল মতিন স্বপনের উন্নয়ন পরিকল্পনাও স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে।
তবে নির্বাচনে ভোটাররা শেষ পর্যন্ত প্রার্থীদের পরিকল্পনা, যোগ্যতা, জনসম্পৃক্ততা ও বাস্তবায়ন সক্ষমতা বিবেচনা করেই তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন এমন প্রত্যাশা স্থানীয়দের।
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Views: 3
Views: 1

























